
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র ও ছেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল আলম জজ (৭২) মারা গেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে মালয়েশিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চাচাতো ভাই মো. মিরাজ।
তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত রফিকুল আলম জজ উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে আনা হবে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী মতলব উত্তর উপজেলার জজনগর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
রফিকুল আলম জজের মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। তিনি মৃত্যুকালে দুই স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জজনগর গ্রামের মৃত আবু নাছের ওয়াহেদের সন্তান।
ছেংগারচর পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি বলেন, সাবেক মেয়রের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। পৌরসভার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব গ্রহণের বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
arif 



















