
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক দলের নেতা টমাস আলী নিহতের ঘটনায় বোমা তৈরির কারিগরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আহত নাজমুল কবীরকে রাজশাহীর একটি বাসা থেকে চিকিৎসাধীন অবস্থায় আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেফতার অন্য দুজন হলেন শিবগঞ্জ উপজেলার চানশিকারী গ্রামের মো. সেনাপতির ছেলে রুবেল ইসলাম (২৩) এবং একই গ্রামের মো. বাসির উদ্দিনের ছেলে রিফাত হাসান (১৮)। অপরজন পারচৌকা গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে নাজমুল কবীর (৩৮)। পুলিশের দায়ের করা মামলায় তিনজনই এজাহারভুক্ত আসামি।
গত বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী পারচৌকা মাঠে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন উপজেলা কৃষক দলের শ্রমবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শামিল উদ্দিন আহমেদ শিমুলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টমাস আলী। এ ঘটনায় আরও তিনজন আহত হন। পরে তারা আত্মগোপনে চলে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পরদিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে শিবগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। মামলায় ৭৯ জনের নাম উল্লেখ করে মোট ১৫০ জনকে আসামি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, রুবেল ও রিফাতকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ককটেল বিস্ফোরণে আহত নাজমুল কবীরকে রাজশাহী থেকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
পুলিশ ও এসআরবি সূত্রে জানা যায়, আহত নাজমুলকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী নগরের তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালায় এসআরবি সদস্যরা। অভিযানের সময় নাজমুলের শরীরে স্যালাইন চলছিল। পরে তাকে স্যালাইনসহ ব্যাটালিয়নের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া এক নারী ও নাজমুলের স্ত্রীকেও হাসপাতালে নেওয়া হয়।
নাজমুল কবীর ককটেল তৈরির কারিগর হিসেবে পরিচিত বলে অভিযোগ রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার