
বিরল এক সফরে চিরবৈরী প্রতিবেশী ভারতে যাচ্ছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক। আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে আগামী সপ্তাহে ভারতের রাজধানী নয়াদিল্লি সফর করবেন তিনি। গত বছর দুই দেশের মধ্যে চার দিনের যুদ্ধের পর এই প্রথম পাকিস্তানের কোনো মন্ত্রী ভারত সফরে যাচ্ছেন।
শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভ্যতাবিষয়ক সংলাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন মুসাদিক মাসুদ মালিক।
এর আগে ২০২৩ সালের মে মাসে ভারতের গোয়ায় অনুষ্ঠিত এসসিওর বৈঠকে যোগ দিয়েছিলেন তৎকালীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এবার মালিকের সফর হবে পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রীর প্রথম ভারত সফর।
পারমাণবিক অস্ত্রধারী ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র অবিশ্বাস বিরাজ করছে। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মির অঞ্চল নিয়ে একাধিকবার যুদ্ধে জড়িয়েছে প্রতিবেশী দুই দেশ। কাশ্মিরকে উভয় দেশই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে।
কাশ্মিরে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় হিন্দু ধর্মাবলম্বীসহ দুই ডজনের বেশি পর্যটক নিহত হওয়ার পর গত বছরের মে মাসে চার দিনের যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান।
ওই হামলার পেছনে ইসলামাবাদের হাত রয়েছে বলে অভিযোগ করে নয়াদিল্লি। তবে পাকিস্তান এ অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে।
হামলার পর দুই দেশ পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ নেয়। একপর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছে ব্যাপক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলার লড়াইয়ে রূপ নেয়। এতে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্পরিক শ্রদ্ধার মনোভাব নিয়ে এসসিও কাঠামোর মধ্যে বিভিন্ন সভ্যতার সংলাপ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর প্রতিশ্রুতিতে অটল রয়েছে দেশটির সরকার।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার