বাংলাদেশের চা শিল্পের উন্নয়ন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত চা শিল্পের উন্নয়নবিষয়ক এক সভায় তিনি এ আশ্বাস দেন। সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নিয়ে শিল্পের বর্তমান সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
সভায় চা শিল্পের প্রতিনিধিরা উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানির উচ্চমূল্য এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার নানা চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। পাশাপাশি শিল্পের টেকসই উন্নয়নের লক্ষ্যে বেশ কয়েকটি প্রস্তাবও উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে চা শিল্প একটি গুরুত্বপূর্ণ খাত। এ শিল্পকে আরও শক্তিশালী করতে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করবে।
তিনি চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের বোঝা সহজীকরণ এবং স্বল্প সুদে ঋণ দেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলেও জানান। নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক এসব প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থনৈতিক সহায়তা দেওয়ারও আশ্বাস দেন।
চা শিল্পের বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং চা শিল্প-সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রতিবেদকের নাম 




















