
রাজবাড়ীর পাংশায় এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছে একটি অসুস্থ বুনো হনুমান। চিকিৎসার আশায় যেন নিজেই একটি বেসরকারি ক্লিনিকে এসে হাজির হয় প্রাণীটি। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার হামিদা মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও মানবিক অনুভূতির সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বল ও অসুস্থ অবস্থায় হনুমানটি ক্লিনিকের ভেতরে ঢুকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে শান্তভাবে বসে পড়ে। বিষয়টি নজরে এলে ক্লিনিকের চিকিৎসক ও কর্মচারীরা প্রাণীটির প্রতি সহানুভূতি দেখিয়ে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের ভিড় জমে যায় ক্লিনিকে। কেউ কলা, কেউ রুটি, আবার কেউ ডাব কেটে প্রাণীটিকে খাওয়ানোর চেষ্টা করেন। অনেকের ধারণা, অসুস্থতা ও খাবারের অভাবেই হনুমানটি লোকালয়ে চলে এসেছে।
পাংশা উপজেলা বন কর্মকর্তা আজিজুল হক জানান, হনুমানটিকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার জন্য একটি খাঁচা তৈরি করা হচ্ছে। পরে সেটিকে রাজবাড়ীতে নিয়ে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রাজবাড়ী জেলা সহকারী বন সংরক্ষক সানজিদা সুলতানা বলেন, বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটির চিকিৎসার ব্যবস্থা করেছেন। তিনি আরও জানান, এর আগেও একই হনুমান অসুস্থ অবস্থায় একটি ক্লিনিকে ঢুকেছিল। তখন বন বিভাগের সদস্যরা ধরার চেষ্টা করলেও সেটি পালিয়ে যায়।
এই অদ্ভুত কিন্তু হৃদয়স্পর্শী ঘটনাটি আবারও মনে করিয়ে দিল—অবুঝ প্রাণীরাও কখনো কখনো বিপদের সময় মানুষের কাছেই আশ্রয় খোঁজে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার