প্রেমের সম্পর্কে জড়িয়ে চীন থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক তরুণীকে বিয়ে করেছেন চীনের নাগরিক সোহান চাও (৩৮)। ব্যতিক্রমী এই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে মোহাম্মদ।
জানা গেছে, কসবা উপজেলার কুটি ইউনিয়নের বাইসার গ্রামের আবদুল আলিমের মেয়ে আয়েশা সুলতানার (২১) সঙ্গে সোহান চাওয়ের পরিচয় হয় একটি চীনা ডেটিং অ্যাপের মাধ্যমে। প্রায় দুই মাস অনলাইনে যোগাযোগের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে উভয় পরিবারকে বিষয়টি জানিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।
পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, গত ১২ জুন বাংলাদেশে আসেন সোহান। এরপর ১৪ জুন ঢাকায় এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলামী শরিয়াহ অনুযায়ী আয়েশা সুলতানাকে বিয়ে করেন। বর্তমানে তারা ঢাকায় অবস্থান করছেন।
আয়েশা জানান, পরিচয়ের পর নিয়মিত কথোপকথনের মাধ্যমে তাদের সম্পর্ক গভীর হয়। বাংলাদেশে আসার পর আইনজীবীর সহায়তায় সোহানের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। উভয় পরিবারের সম্মতিতেই তিনি ইসলাম গ্রহণ করেন এবং এরপর তাদের বিয়ে সম্পন্ন হয়।
আয়েশার বাবা আবদুল আলিম বলেন, সোহানের বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়েই মেয়ের বিয়ে দিয়েছেন। বর্তমানে মেয়ের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের কাজ চলছে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে সোহান স্ত্রীকে নিয়ে চীনে যাবেন।
এদিকে স্থানীয়দের কেউ কেউ এ ধরনের আন্তঃদেশীয় বিয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও সরকারি নজরদারির ওপর গুরুত্বারোপ করেছেন।
তবে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজখবর নিয়ে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদকের নাম 




















