
দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৭ এপ্রিল ২০২৬,
৪০ বছর পর উদ্ধার জন কিটসের চুরি যাওয়া প্রেমপত্র, ফিরল উত্তরাধিকারীদের কাছে।
প্রায় চার দশক পর উদ্ধার করা হয়েছে রোমান্টিক যুগের বিখ্যাত কবি জন কিটসের হাতে লেখা আটটি প্রেমপত্র। ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডে একটি বাড়ি থেকে চুরি হওয়া এসব ঐতিহাসিক চিঠি সম্প্রতি উদ্ধার করে আদালতের নির্দেশে মূল মালিকের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চিঠিগুলো লেখা হয়েছিল ১৮১৯ থেকে ১৮২০ সালের মধ্যে কিটসের জীবনের অত্যন্ত ব্যক্তিগত সময়কালে। তিনি এগুলো লিখেছিলেন তাঁর প্রেমিকা ফ্যানি ব্রাউনকে, যিনি লন্ডনের হ্যাম্পস্টেডে তাঁর প্রতিবেশী ছিলেন এবং পরবর্তীতে তাঁর অনুপ্রেরণার অন্যতম কেন্দ্র হয়ে ওঠেন।
সাহিত্য ইতিহাসে কিটসের পরিচিত কবিতা যেমন “ওড টু এ নাইটিঙ্গেল”, “ওড অন এ গ্রেশিয়ান আর্ন” এবং “টু অটাম” যতটা বিখ্যাত, তাঁর এই প্রেমপত্রগুলোও ততটাই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এখানে প্রেম, বিচ্ছেদ ও মানসিক টানাপোড়েনের গভীর প্রতিফলন পাওয়া যায়।
দীর্ঘদিন হারিয়ে থাকার পর ২০২৫ সালের শুরুতে ম্যানহাটনে এক ব্যক্তি চিঠিগুলো বিক্রির চেষ্টা করলে সন্দেহ তৈরি হয়। পরে বই ব্যবসায়ীরা বিষয়টি কর্তৃপক্ষকে জানায় এবং তদন্তের মাধ্যমে চিঠিগুলো শনাক্ত করা হয়।
ইতিহাস অনুযায়ী, কিটস ১৮২১ সালে মাত্র ২৫ বছর বয়সে যক্ষ্মায় মারা যান। পরে ফ্যানি ব্রাউনের মৃত্যুর পর তাঁর উত্তরাধিকারীরা চিঠিগুলো সংরক্ষণ করে ১৮৮৫ সালে নিলামে বিক্রি করেন।
ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্রাগ জানিয়েছেন, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় চুরি হওয়া গুরুত্বপূর্ণ নথি উদ্ধারে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
আইনি প্রক্রিয়া শেষে চিঠিগুলো অবশেষে ফিরে গেছে জন হে হুইটনি পরিবারের হাতে।
সূত্র: দ্য গার্ডিয়ান
গ্রন্থনা: রবিউল কমল
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার