
দেশে সরকারি খাদ্যশস্যের মজুত গত ছয় মাসে প্রায় দেড় লাখ টন বেড়েছে। একই সঙ্গে খাদ্য সংরক্ষণের সক্ষমতা বাড়ানো এবং নিরাপদ মজুতের লক্ষ্যমাত্রাও পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের দায়িত্ব নেওয়ার সময় গত ১০ ফেব্রুয়ারি সরকারি খাদ্যশস্যের মজুত ছিল ২২ লাখ ১০ হাজার ৬৭০ টন। ছয় মাস পর ৯ সেপ্টেম্বর সেই মজুত বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৫৯ হাজার ১৫৪ টনে। অর্থাৎ এই সময়ে মজুত বেড়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৮৪ টন।
খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সরকারি খাদ্যশস্যের মজুত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। এর মধ্যে চাল রয়েছে ২০ লাখ ৩৬ হাজার ১০২ টন, গম ২ লাখ ৩২ হাজার ১৮৩ টন এবং ধান ৩৪ হাজার ৭০ টন।
ফ্লোটিং মজুতসহ মোট খাদ্যশস্যের পরিমাণ ২৩ লাখ ৫৯ হাজার ১৫৪ টন। এর মধ্যে ফ্লোটিং মজুত হিসেবে রয়েছে ৬৮ হাজার ৭২৩ টন গম।
খাদ্যশস্যের মজুত বাড়ানোর পাশাপাশি সরকারি গুদামগুলোর সংরক্ষণ সক্ষমতাও বাড়ানো হচ্ছে। আগে দেশে সরকারি খাদ্যশস্য সংরক্ষণের সক্ষমতা ছিল প্রায় ২৪ লাখ টন। বর্তমানে তা বেড়ে ২৭ লাখ টনে উন্নীত হয়েছে।
আগামী পাঁচ বছরে এই সক্ষমতা ৩৪ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল হোসেন বলেন, সংরক্ষণ সক্ষমতা এরই মধ্যে ২৪ লাখ টন থেকে বেড়ে ২৭ লাখ টনে দাঁড়িয়েছে। আগামী পাঁচ বছরে তা ৩৪ লাখ টনে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এটি বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত লক্ষ্যগুলোর অন্যতম বলেও জানান তিনি।
সরকারি খাদ্যশস্যের মজুত বাড়ানোর পাশাপাশি নিরাপদ মজুতের সীমাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতদিন দেশে ১৩ লাখ ৫০ হাজার টন খাদ্যশস্য মজুত থাকাকে নিরাপদ সীমা হিসেবে বিবেচনা করা হতো। তবে জনসংখ্যা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বাড়ায় নতুন করে এই লক্ষ্যমাত্রা ১৬ লাখ টন নির্ধারণ করা হয়েছে।
বর্তমান সরকারি খাদ্যশস্যের মজুত প্রচলিত নিরাপদ সীমার চেয়ে প্রায় ১০ লাখ টন বেশি। সংশ্লিষ্টদের মতে, এতে দেশের খাদ্য নিরাপত্তার সক্ষমতা আরও শক্তিশালী অবস্থানে রয়েছে।
২০২৫ সালের ৪ আগস্ট দেশে চাল ও গম মিলিয়ে সরকারি খাদ্যশস্যের মজুত ছিল ২১ লাখ ৩১ হাজার টন। এর মধ্যে চাল ছিল ১৯ লাখ ৫৪ হাজার টন এবং গম ১ লাখ ৭৭ হাজার টন।
বর্তমান মজুতের সঙ্গে তুলনা করলে এক বছরের কিছু বেশি সময়ে তা বেড়েছে ২ লাখ ২৮ হাজার ১৫৪ টন।
অন্যদিকে ২০২৪ সালে দেশে সরকারি খাদ্যশস্যের মজুত ছিল ১৬ লাখ ৮৪ হাজার ৩৩০ টন। সে হিসাবে ২০২৪ সালের তুলনায় বর্তমান মজুত বেড়েছে প্রায় ৬ লাখ ৭৫ হাজার টন।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো সংগ্রহ কার্যক্রমেও অগ্রগতি হয়েছে। ৯ সেপ্টেম্বর পর্যন্ত ধান ও চাল মিলিয়ে মোট ১৬ লাখ ৮৩ হাজার ১৯৫ টন খাদ্যশস্য সংগ্রহ করা হয়েছে।
এর মধ্যে ধান ৫ লাখ ৭৮ হাজার ১৪০ টন, সিদ্ধ চাল ১২ লাখ ১ হাজার ৫৬৮ টন এবং আতপ চাল ১ লাখ ৫ হাজার ৩১৩ টন। এছাড়া গম সংগ্রহ হয়েছে ৫২৩ টন।
খাদ্যশস্যের মজুত আরও শক্তিশালী করতে আমদানি কার্যক্রমও চলছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি পর্যায়ে মোট ৮ লাখ ২৭ হাজার ৭০০ টন খাদ্যশস্য আমদানি হয়েছে।
এর মধ্যে সরকারি পর্যায়ে আমদানি হয়েছে ৬৫ হাজার ৮৬০ টন এবং বেসরকারি পর্যায়ে ৭ লাখ ৬১ হাজার ৮৪০ টন।
খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, উৎপাদন, সংগ্রহ, আমদানি ও মজুত—সব দিক বিবেচনায় নিয়ে সমন্বিতভাবে কাজ করছে সরকার। একই সঙ্গে নিয়মিত মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে বাজারে খাদ্যশস্যের সরবরাহ স্বাভাবিক রাখা যায়।
খাদ্য মন্ত্রণালয়ের সংগ্রহ শাখার যুগ্ম সচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, চলতি মৌসুমের অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ অভিযান সফল ও সন্তোষজনকভাবে এগিয়ে যাচ্ছে।
সরকারি গুদামে চাল ও গমের পর্যাপ্ত এবং নিরাপদ মজুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই মজুত যেকোনো পরিস্থিতি মোকাবিলা ও জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে।
বাজারে চালের দাম স্থিতিশীল রাখা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় খাদ্য বিতরণ অব্যাহত রাখতেও সরকার প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) মহাপরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, জাতীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্যশস্যের মজুত ও সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর কাজ অব্যাহত রয়েছে।
এবার দেশে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় আমন চাষে কাঙ্ক্ষিত ফলন পাওয়ার আশা করছে সরকার। বোরোর মতো আমন সংগ্রহেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জন হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তবে আন্তর্জাতিক বাজারে গমের দাম বাড়ায় আমদানি ব্যয় বাড়তে পারে বলে জানান মাহবুবুর রহমান। এ পরিস্থিতিতে খাদ্যবান্ধব কর্মসূচিতে গমের বিকল্প হিসেবে চাল ব্যবহারের পরিকল্পনাও সরকারের রয়েছে।
তার ভাষ্য, বর্তমান মজুত পরিস্থিতিতে খাদ্য নিয়ে বড় ধরনের সংকট বা সমস্যার আশঙ্কা নেই।
খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল হোসেন বলেন, দেশের বর্তমান খাদ্য নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক। সরকারি গুদামে পর্যাপ্ত খাদ্যশস্য নিশ্চিত করার পাশাপাশি সঠিকভাবে সংরক্ষণ ও গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, প্রান্তিক কৃষকদের কাছ থেকে বোরো ধান ও চাল সংগ্রহ সারা দেশে স্বচ্ছ ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে। এতে কৃষকরা তাদের উৎপাদিত ধান ও চালের ন্যায্য মূল্য পাচ্ছেন।
এদিকে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির মতো সরকারি খাদ্য বিতরণ কার্যক্রম সচল রাখতে গুদাম থেকে সরবরাহ ব্যবস্থাও সক্রিয় রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দেশের বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত, খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রাখা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় খাদ্য বিতরণ নির্বিঘ্ন রাখতে মজুত, সংগ্রহ ও আমদানি কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার