
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থায় বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে সরকার। ব্যাটারিসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে নিজস্ব চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতি ইউনিটের জন্য ১০ টাকা ৫০ পয়সা পাবেন গ্রাহক।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বাজারদর এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন দরপত্রের মূল্য বিশ্লেষণ করে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ ব্যয় প্রতি ইউনিট ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর সঙ্গে ২০ শতাংশ মুনাফা এবং ১১ দশমিক ২৫ শতাংশ প্রিমিয়াম যুক্ত করে গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের মূল্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে সরকার।
নির্ধারিত ৮ টাকা প্রতি ইউনিটের চেয়ে কম ব্যয়ে কেউ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারলে সাশ্রয় হওয়া অর্থ তার লভ্যাংশ হিসেবে গণ্য হবে।
অর্থাৎ, সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের প্রকৃত ব্যয় যত কম রাখা সম্ভব হবে, গ্রাহকের আর্থিক সুবিধার পরিমাণও তত বাড়বে।
নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।
নিজস্ব ব্যবহারের পর উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হলে সংশ্লিষ্ট গ্রাহকরা ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে অর্থ পাবেন।
তবে নির্ধারিত সময়সীমার পর অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর পরে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার ক্ষেত্রে এই বিশেষ প্রণোদনা কার্যকর হবে না।
বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের সৌরবিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহের তথ্য সংরক্ষণ করবে। একই সঙ্গে জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ এবং প্রণোদনাসহ মোট পাওনার হিসাব রাখা হবে।
প্রণোদনার অর্থ গ্রাহকের ব্যাংক হিসাব অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা হবে। কোনো অবস্থাতেই নগদ অর্থ দেওয়া হবে না।
সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে ব্যবহৃত সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার, মিটারসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নির্ধারিত কারিগরি মান বজায় রেখে ব্যবহার করতে হবে।
এসব সরঞ্জাম বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI) এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (SREDA)-এর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী হতে হবে।
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার থেকে নীতিগত সহায়তা পাওয়া যাবে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর কার্যালয় থেকেও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
সরকারের ঘোষণা অনুযায়ী, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকেই ছাদভিত্তিক সৌরবিদ্যুতের এই বিশেষ প্রণোদনা প্যাকেজ কার্যকর হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার