ছুটির দিনে টিপটিপ বৃষ্টি, এক কাপ গরম চা আর সঙ্গে মজাদার নাস্তা—এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কী হতে পারে! তবে একই ধরনের চিকেন ফ্রাই বা কাবাব খেতে খেতে একঘেয়েমি আসতেই পারে। তাই অল্প সময়েই ভিন্ন স্বাদের কিছু তৈরি করতে চাইলে বানিয়ে নিতে পারেন সুস্বাদু চিজ চিকেন ফিঙ্গার।
বাইরে থাকবে মুচমুচে ক্রিস্পি আবরণ, আর ভেতরে থাকবে নরম চিকেন ও গলে যাওয়া চিজের দারুণ মেলবন্ধন। বিকেলের আড্ডা, পরিবারের সঙ্গে ছুটির সময় কিংবা অতিথি আপ্যায়নে এটি হতে পারে অসাধারণ একটি নাস্তা।
প্রয়োজনীয় উপকরণ
- চিকেন কিমা
- আদা-রসুন বাটা
- গোলমরিচ গুঁড়া
- মরিচ গুঁড়া
- লবণ
- কর্নফ্লাওয়ার
- চিজ স্টিক বা গ্রেট করা চিজ
- ডিম (ফেটানো)
- ব্রেডক্রাম্ব
- ভাজার জন্য তেল
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে চিকেন কিমার সঙ্গে আদা-রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি ১৫–২০ মিনিট ঢেকে রেখে দিন, যাতে মসলার স্বাদ ভালোভাবে চিকেনে মিশে যায়।
এরপর অল্প পরিমাণ কিমা হাতে নিয়ে চ্যাপ্টা করে মাঝখানে একটি চিজ স্টিক বা পরিমাণমতো গ্রেট করা চিজ রাখুন। চারপাশ থেকে মুড়ে লম্বাটে ফিঙ্গারের আকার দিন।
সবগুলো ফিঙ্গার তৈরি হয়ে গেলে একে একে প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে নিন। এরপর ব্রেডক্রাম্বে গড়িয়ে সমানভাবে কোট করুন। আরও বেশি মুচমুচে করতে চাইলে দ্বিতীয়বার ডিমে ডুবিয়ে আবারও ব্রেডক্রাম্বে গড়িয়ে নিতে পারেন।
এরপর মাঝারি আঁচে গরম তেলে সোনালি বাদামি হওয়া পর্যন্ত ডিপ ফ্রাই করুন। ভাজা হয়ে গেলে টিস্যু পেপারের ওপর তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন।
গরম গরম টমেটো সস, মেওনিজ বা পছন্দের ডিপের সঙ্গে পরিবেশন করুন মজাদার চিজ চিকেন ফিঙ্গার।
প্রতিবেদকের নাম 




















