
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির সদস্য পদসহ দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এক বাবা ও তার ছেলে। রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী ২ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে এ ঘোষণা দেন মো. লুৎফর ফকির ও তার ছেলে মিরান ফকির।
বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে মতের অমিল, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন মিরান ফকির।
তার দাবি, রাজনীতি সম্পর্কে তেমন ধারণা না থাকা সত্ত্বেও তার বৃদ্ধ বাবাকে ভয়ভীতি দেখিয়ে বিএনপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। একইভাবে তাকেও ভয় দেখিয়ে দলে যুক্ত করা হয়। তবে তাদের কারও কোনো সাংগঠনিক পদ ছিল না; শুধু সদস্য হিসেবে রাখা হয়েছিল।
মিরান ফকির জানান, বিএনপির সঙ্গে প্রায় পাঁচ থেকে সাত মাস সম্পৃক্ত থাকার সময় তারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন। নীলফা বাজারে তার একটি ছোট ব্যবসা রয়েছে। সেখানে ব্যবসা পরিচালনার সময়ও তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে দলটির রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে তাদের মতের মিল হয়নি। বিশেষ করে মানুষকে আটক, হয়রানি, মারধর, সংঘর্ষ ও বিশৃঙ্খল কর্মকাণ্ড তাদের কাছে গ্রহণযোগ্য নয়।
মিরান ফকিরের অভিযোগ, শনিবার রাতে তিন তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাদের আটকে রেখে মারধর করা হয়েছে বলে তিনি জানতে পারেন। এ ঘটনায় তারা মর্মাহত হয়েছেন। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে কাউকে মারধরের শিকার হতে হবে কেন, সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে মানুষকে মারধর করা হলে তারা এমন রাজনীতি চান না। শেখ হাসিনার প্রতি তাদের আবেগ ও ভালোবাসা রয়েছে বলেও উল্লেখ করেন মিরান ফকির।
নিজেদের ইচ্ছায় বিএনপির সদস্য পদসহ দলটির সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান তিনি। ভবিষ্যতেও এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে চান না তারা। বক্তব্যের শেষ পর্যায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন মিরান ফকির।
তবে বাবা-ছেলের পদত্যাগের বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যও জানা সম্ভব হয়নি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার