
জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতার দ্বিতীয় দিনেও দুর্দান্ত আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। দুই দিনের প্রতিযোগিতা শেষে তারা জিতেছে ৩৩টি স্বর্ণ, ২৯টি রৌপ্য ও ১৮টি ব্রোঞ্জ পদক। পাশাপাশি প্রতিযোগিতায় হয়েছে পাঁচটি নতুন জাতীয় রেকর্ড।
পদক তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নিকলী সুইমিং ক্লাব, যারা জিতেছে ৭টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ। আর ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে আছে মেঘনা মোহনা সুইমিং ক্লাব।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ১৫-১৭ বছর বয়সী বালকদের ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল মেডলে বিকেএসপির মো. আব্দুল আজিম ৫ মিনিট ২.৩৮ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। তিনি আগের ৫ মিনিট ৭.৭৬ সেকেন্ডের রেকর্ড ভেঙে স্বর্ণ জেতেন।
১৩-১৪ বছর বয়সী বালকদের বিভাগে মো. তৌফিক ছিলেন দিনের সবচেয়ে উজ্জ্বল তারকা। তিনি ২০০ মিটার ইন্ডিভিজুয়াল মেডলে ২ মিনিট ২৬.৪৪ সেকেন্ড সময় নিয়ে ২০১৫ সালের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন। পরে ১০০ মিটার বাটারফ্লাইয়েও ১ মিনিট ২.৭৫ সেকেন্ড সময় নিয়ে আরেকটি জাতীয় রেকর্ড নিজের নামে লেখান।
এ ছাড়া ১৩-১৪ বছর বয়সী বালকদের ৫০ মিটার ফ্রিস্টাইলে নিকলী সুইমিং ক্লাবের শামীমুল হক ২৬.১৮ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন। একই বয়সী বালিকাদের ৫০ মিটার ফ্রিস্টাইলে মেঘনা মোহনা সুইমিং ক্লাবের ফাতিহা মাহতাব মাইশা ৩০.২১ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়ে সোনা জিতেছেন।
অন্যান্য ইভেন্টে ১৮-২০ বছর যুব বিভাগের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে নিকলী সুইমিং ক্লাবের মো. নাদিমুল হক, ৮০০ মিটার ফ্রিস্টাইলে বিকেএসপির পলি খাতুন, ১৫-১৭ বছর বালকদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে নর্থ বেঙ্গল সুইমিং ক্লাবের মো. রিফাত এবং একই বিভাগের বালিকাদের ইভেন্টে নিকলী সুইমিং ক্লাবের স্বর্ণা আক্তার স্বর্ণপদক জিতেছেন।
ডাইভিং ইভেন্টেও সফলতা পেয়েছে বিকেএসপি। বালকদের ৩ মিটার স্প্রিংবোর্ডে সারোয়ার জাহান স্বর্ণ জিতেছেন। আর বালিকাদের একই ইভেন্টে ঢাকা অ্যাকোয়াটিকস ক্লাবের অর্পা দাস স্বর্ণপদক অর্জন করেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার