জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
নিখোঁজ শিশুরা হলো—রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইস্রাফিল (৭) এবং একই গ্রামের শামীম মিয়ার ছেলে ওসমান গনি (৮)।
স্থানীয়রা জানান, দুপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে প্রবল স্রোতে দুই শিশু তলিয়ে যেতে শুরু করে। বিষয়টি দেখে স্বজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা করেন। তবে নদীর স্রোতের কারণে তারা নিখোঁজ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর দেলওয়ার হোসেন বলেন, খবর পাওয়ার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। ডুবুরি দল নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে। নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
প্রতিবেদকের নাম 




















