
প্রতারণার মামলায় কারাগারে থাকা জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১২ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন।
কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে বিদিশাকে মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে গত রোববার বিদিশার জামিন আবেদনের শুনানি শেষে তাকে জামিন দেন হাইকোর্টের একটি বেঞ্চ। বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিদিশার পক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান খান ও মাসুদ মিয়া।
আইনজীবী মাসুদ মিয়া জানান, বিদিশার বিরুদ্ধে বর্তমানে আর কোনো মামলা বিচারাধীন নেই। ফলে হাইকোর্টের জামিন আদেশের পর তার মুক্তিতে আইনগত কোনো বাধা ছিল না।
ফ্ল্যাট বিক্রিতে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।
একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
পরে গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়।
বিদিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন ব্যবসায়ী মোশাররফ হোসেন। ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি তিনি মামলাটি করেন।
মামলার এজাহার অনুযায়ী, বাদী ঢাকার মিরপুর-১০ এলাকার স্যানিটারি পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ী।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার