রাজধানীর শাহবাগে শহীদ জিয়া শিশু পার্ক আগামী ৩০ জুনের মধ্যে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকীকরণ প্রকল্প এলাকায় পূবালী ব্যাংক পিএলসির ‘শিশু পার্ক শাখা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
প্রকল্পের ভৌত অগ্রগতি ৩০ শতাংশ
ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুততম সময়ে পার্কের অবশিষ্ট কাজ শেষ করার উদ্যোগ নিয়েছে। বর্তমানে প্রকল্পটির ভৌত অগ্রগতি ৩০ শতাংশ।
শিশুদের বিনোদনের জন্য ১৫টি অত্যাধুনিক রাইড কেনার লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। এসব রাইডই পুরো প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ বলে জানান তিনি।
তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই শিশুদের জন্য একটি আধুনিক বিনোদনকেন্দ্র হিসেবে পার্কটি চালু করা সম্ভব হবে।
‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়তে বেসরকারি খাতকে আহ্বান
ঢাকা শহরকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক।
তিনি বলেন, রাস্তার সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর কার্যক্রমের মাধ্যমে সবাইকে অংশ নিতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার তাগিদ
ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান মো. আবদুস সালাম। একই সঙ্গে কোথাও যেন টানা তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকেও নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।
প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এ সময় সিটি কর্পোরেশন ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 




















