জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং দেশের জনগণের বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এখনো একটি গোষ্ঠী এ আন্দোলনের কৃতিত্ব নিজেদের করে নেওয়ার চেষ্টা করছে। তাদের এ মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত।
শুক্রবার (৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জনগণের আত্মত্যাগ, অবাধ নির্বাচন, নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ, সংসদের কার্যকর ভূমিকা এবং সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্ব—সব মিলিয়ে দেশে গণতান্ত্রিক মূল্যবোধকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে।
তবে এই সুযোগ যথাযথভাবে কাজে লাগাতে ব্যর্থ হলে অর্জিত সাফল্য হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেন তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, সরকার এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোও ইতিবাচকভাবে এ প্রক্রিয়ায় অংশ নেবে বলে আশা করেন তিনি।
তথ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে একটি গোষ্ঠী জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নেওয়া নিয়েই বেশি ব্যস্ত। কে বেশি কৃতিত্ব পাবে, কে বড় তারকায় পরিণত হবে কিংবা ডিজিটাল মাধ্যমে কার জনপ্রিয়তা বেশি হবে—এসব নিয়ে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা তৈরি হয়েছে।
তিনি বলেন, সরকারপ্রধান ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শুরু থেকেই জুলাই গণঅভ্যুত্থানের সব কৃতিত্ব জনগণের বলে উল্লেখ করেছেন। জনগণই সব বিজয়ের প্রকৃত মালিক।
যারা এখনো আন্দোলনের কৃতিত্ব নিজেদের করে নেওয়ার চেষ্টা করছেন, তাদের সেই মানসিকতা থেকে বেরিয়ে এসে গণঅভ্যুত্থানে জনগণের অবদানকে যথাযথ স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
প্রতিবেদকের নাম 




















