
দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচে ব্যাটারের জোরালো শটের আঘাতে গুরুতর আহত হয়েছেন আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। বর্তমানে তিনি দিল্লির একটি হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে এ দুর্ঘটনা ঘটে।
নিউ দিল্লি টাইগার্সের ইনিংসের ১৮তম ওভারে বোলার আশিষ মীনার করা একটি ডেলিভারিতে স্ট্রেইট ড্রাইভ খেলেন ব্যাটার লক্ষয় থারেজা। তার জোরালো শটটি সরাসরি আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের মুখের এক পাশে আঘাত করে।
আঘাত পাওয়ার পরপরই মাথায় হাত দিয়ে মাঠে বসে পড়েন আম্পায়ার। খেলোয়াড়রা দ্রুত তাঁর কাছে ছুটে যান। ব্যাটার লক্ষয় থারেজাও এ ঘটনায় হতভম্ব হয়ে পড়েন।
প্রাথমিকভাবে চোটের গুরুত্ব তেমন বোঝা না গেলেও পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে আইসিইউতে স্থানান্তর করেন।
চলতি টুর্নামেন্টে এ নিয়ে দ্বিতীয়বার বলের আঘাতে চোট পেলেন ধর্মেশ ভরদ্বাজ। এর আগে অন্য একটি ম্যাচে বলের আঘাতে তাঁর কাঁধে চোট লেগেছিল।
ম্যাচে ইস্ট দিল্লি রাইডার্স ৩৬ রানে জয় পায়। প্রথমে ব্যাট করে তারা ২০ ওভারে ৭ উইকেটে ১৯২ রান সংগ্রহ করে। দলের হয়ে ভানশ মেহরা ৩৫, মায়াঙ্ক রাওয়াত ৪০ এবং সূর্যাংশ রায়না ও অর্পিত রানা ৩৩ রান করে করেন।
জবাবে নিউ দিল্লি টাইগার্স ৯ উইকেটে ১৫৬ রান তুলতে সক্ষম হয়। দলের হয়ে অধিনায়ক হিম্মত সিং ৩১ এবং লক্ষয় থারেজা লড়াকু ইনিংস খেলেন।
ইস্ট দিল্লি রাইডার্সের হয়ে আশিষ ৩২ রানে ৩টি এবং মায়াঙ্ক যাদব ৯ রানে ২টি উইকেট নেন।
তবে ম্যাচের ফলাফলের চেয়ে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের শারীরিক অবস্থাই এখন ক্রিকেটসংশ্লিষ্টদের কাছে বেশি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার