
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আসামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ছয়জনের মৃত্যু হওয়ায় চলতি বর্ষা মৌসুমে রাজ্যটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৫ জনে পৌঁছেছে।
পরিস্থিতি সংকটাপন্ন হওয়ায় আসামের শিবসাগর, গোলাঘাট, জোরহাট, কামরূপসহ অন্তত ১৪টি জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তাদের নিরাপদ আশ্রয়ের জন্য খোলা হয়েছে শতাধিক আশ্রয়কেন্দ্র, যেখানে হাজারো মানুষ অবস্থান করছেন।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং ভারতীয় সেনাবাহিনীর বিশেষ দল দুর্গত এলাকায় কাজ করছে।
আসামের পাশাপাশি মেঘালয় ও অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টি ও পাহাড়ধসের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
এদিকে উত্তর-পূর্বাঞ্চলের বাইরে উত্তর প্রদেশেও টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। রাজ্যটির প্রধান দুই নদী গঙ্গা ও যমুনার পানি একাধিক স্থানে বিপদসীমা অতিক্রম করায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার