
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছানোর পর তার সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্ভাব্য বৈঠক নিয়েও প্রশ্ন করা হয়।
স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টায় ম্যানহাটনে সরকারপ্রধানের আবাসস্থল ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলের লবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এক সাংবাদিক জানতে চান, চার দিনের সফরে ১০টির বেশি দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় ও সৌজন্য সাক্ষাৎ রয়েছে। এর বাইরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাদা কোনো বৈঠকের সুযোগ বা সময় তৈরি হয়েছে কি না।
জবাবে হুমায়ুন কবির বলেন, এটি দ্বিপক্ষীয় সফর নয়, বহুপক্ষীয় সফর। সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়া। তবে ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। সেটি দ্বিপক্ষীয় আলোচনার বিষয়। কিন্তু এবারের সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘের কার্যক্রম হওয়ায় এর বাইরে দ্বিপক্ষীয় আলাপ-আলোচনার সুযোগ খুব বেশি থাকবে না।
গত ৩১ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে চিঠি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই চিঠিতে শিগগিরই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশার কথাও জানান তিনি।
সফরের উদ্দেশ্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এখানে অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তেমন আলোচনা হবে না। মূল লক্ষ্য হবে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরা এবং গণতান্ত্রিক রূপান্তরের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ কোন নীতি ও দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছে, তা বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরা।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জানান, এবার প্রধানমন্ত্রী খুব সংক্ষিপ্ত সফরে ছোট একটি প্রতিনিধি দল নিয়ে নিউইয়র্কে গেছেন। আনুষ্ঠানিকভাবে প্রতিনিধি দলে ৩৩ জন রয়েছেন। এর বাইরে প্রয়োজনীয় মিডিয়া, নিরাপত্তা ও ব্যক্তিগত স্টাফ রয়েছেন।
তিনি বলেন, স্বল্পসংখ্যক সফরসঙ্গী নিয়ে আসার মূল উদ্দেশ্য হলো দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় যেকোনো আলোচনায় প্রধানমন্ত্রী যেন বাংলাদেশের স্বার্থ, গণমানুষের অধিকার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরতে পারেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার