নেত্রকোণার আটপাড়া উপজেলার সুমাইখালী হাওরের ষাটোর্ধ্ব কৃষক লতিফ মিয়া কোমরসমান পানিতে দাঁড়িয়ে ভেসে থাকা ধান কাটছিলেন। চারপাশে বিস্তীর্ণ হাওরে পানি, তার মাঝেই জীবিকার শেষ ভরসা রক্ষার লড়াই।
ধান কাটা নিয়ে হতাশ কণ্ঠে তিনি বলেন, হাওরে যে ধান লাগানো হয়েছিল তা এখন পুরোপুরি পানির নিচে। বাধ্য হয়ে পানির ভেতর ডুব দিয়ে যতটুকু পারছেন, ততটুকুই কেটে নিচ্ছেন।
ঋণ নিয়ে চাষাবাদ করা এই কৃষক আরও বলেন, আগে তো খেয়ে বাঁচতে হবে, তারপর ঋণের হিসাব। হাজার হাজার মণ ধান পানির নিচে চলে গেছে। ঠান্ডা আর কষ্টের মধ্যেও জীবিকার জন্য পানির ভেতরেই কাজ করতে হচ্ছে।
তিনি আক্ষেপ করে বলেন, “ডুবাইয়া ধান কাটন লাগতাছে, এইরম সুহে আছি আমরা।”
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোণার বিস্তীর্ণ হাওরাঞ্চল এখন পানির নিচে। কৃষকদের স্বপ্নের বোরো ধান ডুবে যাওয়ায় চরম সংকটে পড়েছেন তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রায় ৭ হাজার ৫৪৫ হেক্টর জমির ধান এখন পানিতে নিমজ্জিত এবং ঝুঁকির মধ্যে রয়েছে। অনেক জায়গায় কৃষকরা বাধ্য হয়ে আধাপাকা ধানই কেটে নিচ্ছেন, যাতে অন্তত কিছু ফসল ঘরে তুলতে পারেন।
স্থানীয় কৃষকদের ভাষায়, এক রাতের বন্যায় বছরের পরিশ্রম পানির নিচে চলে গেছে। এখন জীবন বাঁচানোই সবচেয়ে বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে তাদের সামনে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার