বর্ষা মৌসুমের শুরুতেই দেশে আবারও বাড়তে শুরু করেছে এডিস মশাবাহিত ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গু বিষয়ক বুলেটিনে বুধবার (২৪ জুন) এ তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১১ জন, বরিশালে ৫৬ জন, চট্টগ্রামে ১৬ জন, খুলনায় ১০ জন, ময়মনসিংহে ৩ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১১৯ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫ হাজার ৩১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৯১৯ জন।
পরিসংখ্যান বলছে, জুন মাসের প্রথম ২৩ দিনেই ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১২০ জনে। এতে বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ির আশপাশে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সূত্র: স্বাস্থ্য অধিদফতর
প্রতিবেদকের নাম 























