
পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তাঁর দাবি, সীমান্তপথের পাশাপাশি এখন ড্রোন ব্যবহার করেও বিভিন্ন এলাকায় ইয়াবাসহ মাদক পৌঁছে দেওয়া হচ্ছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, ড্রোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদক পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে মাদক সমস্যা এখন আর শুধু খুলনা বা কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ নেই; এটি সারাদেশের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এ কারণে মাদক নিয়ন্ত্রণে সারাদেশে ডোপ টেস্টের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
গত ১৭ বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে বলে অভিযোগ করেন আইনমন্ত্রী। তাঁর মতে, দীর্ঘদিনের এই পরিস্থিতির প্রভাবেই বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নানা সমস্যা তৈরি হয়েছে।
তিনি বলেন, প্রশাসন থেকে এসব সমস্যা ও ‘আবর্জনা’ পরিষ্কার করতে বর্তমান সরকারকে সময় দিতে হবে।
সন্ত্রাস দমনে সরকার ক্রসফায়ারের মতো কোনো পদ্ধতির আশ্রয় নেবে না বলেও স্পষ্ট করেন আইনমন্ত্রী।
তিনি বলেন, সন্ত্রাস দমনে বর্তমানে যে আইনগুলো রয়েছে, সেগুলোর পরিবর্তন প্রয়োজন হলে সরকার বিষয়টি বিবেচনা করবে। তবে একই সঙ্গে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
সভায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। স্থানীয় পর্যায়ে মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে করণীয় নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
এ সময় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালসহ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার