দেশে হামের প্রাদুর্ভাব ও টিকাদান কর্মসূচি নিয়ে নেওয়া সিদ্ধান্তকে কেন্দ্র করে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জনের বিরুদ্ধে তদন্ত এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রিটে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন ধরে চলা হামের টিকাদান কর্মসূচি পরিবর্তন বা বাতিলের সিদ্ধান্ত “ফৌজদারি অবহেলা”র শামিল হতে পারে। তাই বিষয়টি তদন্তের দাবি জানানো হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা চাওয়া হয়েছে।
রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই রিট আবেদন দাখিল করেন। রিটে স্বাস্থ্য ও প্রশাসন সংশ্লিষ্ট একাধিক মন্ত্রণালয়ের সচিবসহ সরকারি কর্মকর্তাদেরও বিবাদী করা হয়েছে।
অভিযোগে বলা হয়, টিকাদান কর্মসূচিকে রাষ্ট্রীয় কাঠামো থেকে বেসরকারি খাতে স্থানান্তরের প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ও অবহেলা হয়েছে, যার ফলে দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে এবং শতাধিক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়।
এর আগে একই বিষয়ে ৬ এপ্রিল একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল বলে জানা যায়। পরে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এই রিট দায়ের করা হয়।
রিটে আরও যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, মোস্তফা সরয়ার ফারুকীসহ একাধিক সাবেক ও বর্তমান উপদেষ্টা ও সরকারি কর্মকর্তা।
আদালত এখন বিষয়টি শুনানির জন্য গ্রহণ করবেন কি না, তা নির্ধারণের অপেক্ষায় রয়েছে।
প্রতিবেদকের নাম 




















