
রাজধানী ঢাকার যানজট কমানো, বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে তোলা এবং নদীর পরিবেশ রক্ষায় ঢাকার চারপাশের নৌপথগুলো দ্রুত সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদীর নাব্যতা বজায় রাখা, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং দূষণ প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।
রোববার (২ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকের সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ঢাকার চারপাশের নদীপথে যাত্রী পরিবহনের জন্য আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাব দ্রুত যাচাই-বাছাই করা হবে। যোগ্য প্রতিষ্ঠানগুলোকে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়া হবে, যাতে রাজধানীতে নৌপথভিত্তিক গণপরিবহন ব্যবস্থা সম্প্রসারিত করা যায়।
প্রধানমন্ত্রী শুধু নৌপথ চালুর ওপর গুরুত্ব দেননি; তিনি ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং নদীতে অপরিশোধিত বর্জ্য ফেলা বন্ধের মাধ্যমে নদীদূষণ রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন।
এছাড়া নদীতীরের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নদীকেন্দ্রিক উন্নয়ন কার্যক্রমে পরিবেশগত ভারসাম্য বজায় রাখার বিষয়েও গুরুত্ব দিতে বলা হয়েছে।
সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর যানজট কমাতে বিকল্প নৌ-যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। পাশাপাশি নদীর নাব্যতা, পরিবেশ সংরক্ষণ এবং নগরবাসীর জন্য টেকসই ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার