
রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ করে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে ৩৯ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। অভিজ্ঞ এই নাগরিকদের রাষ্ট্রীয়ভাবে এ কার্যক্রমের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ পরিকল্পনার কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তারা অভিজ্ঞতাসম্পন্ন হওয়ায় এ কাজে তাদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, ঢাকা পরিচ্ছন্ন ও সবুজ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে রাজধানীকে অঞ্চলভিত্তিক ভাগ করে ২০টি কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা এসব কমিটিতে রয়েছেন।
শাহে আলম বলেন, কমিটি গঠনের পর কার্যক্রমের অগ্রগতি নিয়ে বেশ কিছু হালনাগাদ তথ্য পাওয়া গেছে। এরই মধ্যে কমিটির সদস্যরা ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১১২টি হাসপাতালসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন।
বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ
প্রতিমন্ত্রী জানান, মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে একটি পৃথক উইং গঠনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে দক্ষিণ ঢাকায় এ ধরনের ব্যবস্থা থাকলেও ঢাকা উত্তরেও নতুন করে এ কার্যক্রম চালুর পরিকল্পনা করা হচ্ছে।
সরকারি আবাসন ব্যবস্থাপনা নিয়েও কঠোর অবস্থানের কথা জানান তিনি। শাহে আলম বলেন, সরকারি কোয়ার্টারে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না থাকলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে।
তিনি বলেন, অন্য সরকারগুলোর মতো ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড বানানোর প্রতিশ্রুতি দিতে চায় না বর্তমান সরকার। বরং ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতেই সরকার কাজ করছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার