
রাজধানী ঢাকার সড়কে কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নির্ধারণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি বলেন, ঢাকার বাস চলাচলে শৃঙ্খলা আনতে প্রতিটি রুটের বাসমালিকদের সমন্বয়ে কোম্পানি গঠন করা হবে।
মন্ত্রী জানান, রাজধানীতে একই রঙ, নির্ধারিত মান ও ফিটনেস বজায় রেখে বাস পরিচালনার ব্যবস্থা করা হবে। পাশাপাশি পরিবেশবান্ধব ইলেকট্রিক যানবাহন ব্যবহারে সরকার উৎসাহ দিচ্ছে এবং এ উদ্যোগ অনেক দূর এগিয়েছে।
তিনি আরও বলেন, ঢাকার চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তরের পরিকল্পনা বাস্তবায়নে দুই থেকে আড়াই বছর সময় লাগতে পারে। পরিকল্পনা অনুযায়ী, গাবতলী টার্মিনাল হেমায়েতপুরে, মহাখালী টার্মিনাল আবদুল্লাহপুরের কাছে, সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে এবং ফুলবাড়িয়া টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে।
শেখ রবিউল আলম জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অস্থায়ী বাস টার্মিনাল ও কাউন্টারগুলোও ধাপে ধাপে নিয়ন্ত্রণের আওতায় আনা হবে। ভবিষ্যতে কাউন্টারের সামনে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর সুযোগ থাকবে না।
এদিকে রেল খাতের উন্নয়নের অংশ হিসেবে আগামী মাসে ১৫০টি আধুনিক বগি কেনার পরিকল্পনার কথাও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, রেল উন্নয়নের বিভিন্ন প্রকল্পে সরকার ইতোমধ্যে নীতিগত সম্মতি দিয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার