
সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। ডিএনএ পরীক্ষায় তার পোশাকে আগে তিনজন পুরুষের শুক্রাণু শনাক্ত হওয়ার পাশাপাশি এবার আরও একজনের রক্তের অস্তিত্ব পাওয়া গেছে। এতে মোট চারজনের জৈবিক নমুনা পাওয়ার তথ্য নিশ্চিত হয়েছে বলে জানা গেছে।
রোববার (১৭ মে) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন–এর পরিদর্শক মো. তরিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, কয়েক মাস আগে সিআইডির কাছে তনুর পোশাকে পাওয়া নমুনা সম্পর্কে বিস্তারিত জানতে চিঠি দেওয়া হয়েছিল। পরে সিআইডি জানায়, তিনজন পুরুষের শুক্রাণুর পাশাপাশি আরও একজনের রক্তের অস্তিত্ব পাওয়া গেছে। ফলে সন্দেহভাজনের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে।
তদন্ত কর্মকর্তা বলেন, এটি পুরোপুরি নতুন তথ্য নয়, তবে আগে শুধুমাত্র তিনজনের তথ্য প্রকাশ ছিল, এখন রক্তের নমুনার বিষয়টি যুক্ত হয়েছে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। পরে সেনানিবাস এলাকার একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
ঘটনার পরদিন তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তবে দুই দফা ময়নাতদন্তেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।
২০১৭ সালে অপরাধ তদন্ত বিভাগ ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে তিনজন পুরুষের শুক্রাণু পাওয়ার তথ্য প্রকাশ করে। পরে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি।
সম্প্রতি মামলাটি আবার আলোচনায় আসে, যখন গত ২১ এপ্রিল কেরানীগঞ্জ থেকে অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান–কে গ্রেপ্তার করা হয়। তার ডিএনএ নমুনা তনুর পোশাকে পাওয়া নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে, তবে পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার