
লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান মাত্র তিন দিনের ছুটি নিয়ে সাড়ে তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে। দীর্ঘ সময় ধরে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ আগস্ট বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে তিন দিনের ছুটি নেন জিল্লুর রহমান। পরদিন ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। এরপর আর বিদ্যালয়ে ফেরেননি।
অর্থাৎ মাত্র তিন দিনের ছুটি নিয়ে টানা সাড়ে তিন বছর ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার নিয়ম থাকলেও তিনি সেই অনুমতি নেননি বলে অভিযোগ রয়েছে।
এর আগেও যুক্তরাষ্ট্রে যাওয়ার ঘটনা রয়েছে জিল্লুর রহমানের। ২০২১ সালের ১৯ ডিসেম্বর তিনি প্রথমবার যুক্তরাষ্ট্রে যান। প্রায় পাঁচ মাস চার দিন পর দেশে ফেরেন।
সে সময় তিনি বিদ্যালয় থেকে দুই মাসের ছুটি নিয়েছিলেন। তবে বিদেশ যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি বলে জানা গেছে। দেশে ফেরার পর তিনি সরকারি বেতন-ভাতাও উত্তোলন করেন বলে বিদ্যালয় সূত্রের দাবি।
রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি ২০১৭ সালের ১৯ মার্চ জাতীয়করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় এক হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।
শিক্ষকদের অভিযোগ, প্রধান শিক্ষক দীর্ঘদিন অনুপস্থিত থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে নানা সংকট তৈরি হয়েছে। তার নেতৃত্বের অভাবে বিভিন্ন কাজ ব্যাহত হচ্ছে। পাশাপাশি প্রধান শিক্ষক নিজেই নিয়মনীতি না মানায় শিক্ষক-কর্মচারীদের মধ্যেও দায়িত্ব পালনে অনীহা তৈরি হচ্ছে বলে দাবি তাদের।
তারা মনে করেন, এত দীর্ঘ সময় প্রধান শিক্ষকের অনুপস্থিতি কোনোভাবেই বিদ্যালয়ের জন্য মঙ্গলজনক নয়।
অভিভাবকদের অভিযোগ, কয়েক বছর আগেও বিদ্যালয়টির এসএসসি পরীক্ষার ফলাফল ভালো ছিল। তখন সন্তানদের এই বিদ্যালয়ে ভর্তি করাতে অভিভাবকদের মধ্যে আগ্রহ ও প্রতিযোগিতা ছিল।
তবে সাম্প্রতিক বছরগুলোতে আশানুরূপ ফলাফল না হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক পরিবেশ নিয়ে অভিভাবকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা ফারুকী জানান, প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তিনি কবে বিদ্যালয়ে যোগ দেবেন, সেটিও নিশ্চিতভাবে জানা যায়নি।
তার ভাষ্য অনুযায়ী, প্রধান শিক্ষকের পদটি এখনো শূন্য ঘোষণা করা হয়নি। ফলে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ যেতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। কিন্তু জিল্লুর রহমান বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো অনুমতি নেননি।
বিষয়টি জেলা প্রশাসককে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইউএনও।
অন্যদিকে অভিযোগের বিষয়ে মো. জিল্লুর রহমানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার