
উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি আবারও বেড়ে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিস্তা ব্যারেজের ৪৪টি গেটই সচল রাখা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নদীর পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচে থাকলেও রাত ৯টার পর তা বিপৎসীমা অতিক্রম করে।
ইতোমধ্যে তিস্তা নদীর তীরবর্তী বিভিন্ন চরাঞ্চলের রাস্তাঘাট ও ফসলি জমিতে পানি ঢুকতে শুরু করেছে। লালমনিরহাটের পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি অনেক সড়ক ডুবে যাওয়ায় স্থানীয়দের চলাচলে নৌকা ও ভেলাই প্রধান ভরসা হয়ে উঠেছে।
স্থানীয়দের আশঙ্কা, পানির চাপ আরও বাড়লে দীর্ঘদিন সংস্কার না হওয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকির মুখে পড়তে পারে। চরাঞ্চলের কয়েকটি বাড়িতেও ইতোমধ্যে পানি প্রবেশ করেছে।
পাউবোর কর্মকর্তারা জানিয়েছেন, উজানের পানির প্রবাহ অব্যাহত থাকায় নদীর পানি আরও বাড়তে পারে। সম্ভাব্য স্বল্পমেয়াদি বন্যা মোকাবিলায় পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নদীতীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার