
বিশ্বকাপের আগে খুব বেশি আলোচনায় না থাকলেও এরই মধ্যে লাইমলাইটে চলে এসেছেন ভিনিসিয়ুস জুনিয়র। গ্রুপপর্বের তিন ম্যাচে চার গোল ও এক অ্যাসিস্ট করে ব্রাজিলের আক্রমণভাগের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন তিনি।
আজ রাউন্ড অব ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচেও ভিনিসিয়ুসের দিকেই তাকিয়ে থাকবে ব্রাজিলিয়ান সমর্থকরা।
এরই মধ্যে ব্রাজিলের গ্লোবো নেটওয়ার্কের জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দোমিঙ্গাও’-তে এসে নিজের আবেগ ধরে রাখতে পারেননি ভিনিসিয়ুস। অনুষ্ঠানটির সঞ্চালক লুসিয়ানো হুকের দেখানো একটি বিশেষ চমক দেখে লাইভ অনুষ্ঠানেই কেঁদে ফেলেন রিয়াল মাদ্রিদ তারকা।
চমকটি ছিল ভিনিসিয়ুসের শৈশব ও কৈশোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ—তার দাদিমা নিলজার একটি রেকর্ড করা ভিডিও বার্তা। সেখানে তিনি নাতির শৈশবের নানা স্মৃতি তুলে ধরেন।
ভিডিও বার্তায় নিলজা বলেন, “ও খুব লাজুক একটা বাচ্চা ছিল। ওর ধ্যানজ্ঞানই ছিল ফুটবল। ১৬ বছর বয়স পর্যন্ত ও আমার পাশেই ঘুমাত। মাঝেমাঝে ও আমাকে জড়িয়ে ধরত এবং চোখ মেলে নিশ্চিত হতো যে সে আমার পাশেই আছে তো।” তিনি আরও বলেন, “ভিনি, আমার নাতি, আওয়ার লেডি অফ আপারেসিডা (দেবী) যেন সবসময় তোমাকে রক্ষা করেন। তোমার দাদিমা তোমাকে অনেক অনেক ভালোবাসে।”
দাদিমার এই ভালোবাসার বার্তা শুনে চোখের পানি ধরে রাখতে পারেননি ভিনিসিয়ুস। কান্নাজড়িত কণ্ঠে জীবনের কঠিন সময়ে দাদিমার ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন তিনি।
ভিনিসিয়ুস বলেন, “আমার দিদিমা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একজন মানুষ, যার সঙ্গে আমি ১৬ বছর বয়স পর্যন্ত একসঙ্গে থেকেছি। আমাদের বাড়িটা খুব ছোট ছিল, তাই আমাকে উনার পাশেই ঘুমাতে হতো। তিনি এমন একজন মানুষ, যিনি আমার জীবনকে তৈরি করে দিয়েছেন।”
ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড আরও বলেন, “আমি যখনই সময় পাই উনার পাশে থাকার চেষ্টা করি, প্রতিটি মুহূর্তকে আগলে রাখি। কারণ আমি জানি, একদিন সবাইকে চলে যেতে হবে। আমি উনার এবং আমার পরিবারের সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করি, যারা আমার স্বপ্ন পূরণ করার জন্য নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছিলেন।”
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার