সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও তার স্ত্রী সৈয়দা রোকেয়া বেগমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
সোমবার (২৯ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, শাজাহান খান পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১১ কোটি ৩৬ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন। এছাড়া তার ৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনক ৮৬ কোটি ৬৯ লাখ টাকার লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করা হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, আয়কর আইন, ২০২৩-এর ৩০৯(৩)(ক) ধারা অনুযায়ী আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহে আদালতের অনুমতি প্রয়োজন। তাই তদন্তের স্বার্থে শাজাহান খানের আয়কর রিটার্নের মূল কপি জব্দ এবং সত্যায়িত অনুলিপি সরবরাহের আবেদন করা হয়।
অন্যদিকে, সৈয়দা রোকেয়া বেগমের বিষয়ে দুদক জানায়, তিনি ও তার স্বামী পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৪৭ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সৈয়দা রোকেয়া বেগমও একজন আয়করদাতা। তাই আয়কর আইন অনুযায়ী তার আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথিপত্র জব্দ এবং তদন্তের জন্য সত্যায়িত অনুলিপি সংগ্রহের আবেদন মঞ্জুর করেন আদালত।
প্রতিবেদকের নাম 




















