
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রওনা হন তিনি।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। এরপর বেলা ১১টায় রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দলীয় নেতারা।
তিন বিভাগের তিন জেলায় প্রধানমন্ত্রীর সফর
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তিন বিভাগের তিন জেলায় যাবেন। প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম সফর করবেন তিনি।
আতিকুর রহমান রুমনের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের কোনো সরকারপ্রধানের ঢাকার বাইরে গিয়ে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের এটি প্রথম ঘটনা। সফরকালে প্রধানমন্ত্রী পূজামণ্ডপে পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
রাজশাহীতে মন্দির পরিদর্শন ও জনসভা
সফরসূচি অনুযায়ী, রংপুরের কর্মসূচি শেষে দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তিনি।
এরপর দুপুর ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল ৩টায় হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।
সন্ধ্যায় চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন
রাজশাহীর কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।
পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাত ৭টা ৪৫ মিনিটে বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
এর আগে রোববার রাতে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান।
এদিকে, মঙ্গলবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহানবমী। বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসব শেষ হওয়ার কথা রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার