
বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের পোল্ট্রি মুরগির মাংসের কিছু নমুনায় আন্তর্জাতিক নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল (অ্যান্টিবায়োটিক) অবশিষ্টাংশ পাওয়া গেছে বলে এক গবেষণায় উঠে এসেছে। গবেষকদের মতে, এ ধরনের অবশিষ্টাংশ জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হতে পারে।
যুক্তরাজ্যের রয়েল ভেটেরিনারি কলেজ (আরভিসি) পরিচালিত এ গবেষণার ফলাফল প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম Poultry News। এতে বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানও অংশ নেয়।
গবেষণায় বলা হয়েছে, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বর্তমানে বৈশ্বিক জনস্বাস্থ্যের অন্যতম বড় চ্যালেঞ্জ। প্রাণিসম্পদে অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার এ সমস্যার অন্যতম কারণ। নির্ধারিত অপেক্ষার সময় না মেনে প্রাণী জবাই করলে মাংসে ওষুধের অবশিষ্টাংশ থেকে যেতে পারে, যা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
গবেষণার অংশ হিসেবে ২০২১ ও ২০২২ সালে তিন দেশের মোট ৫৫৮টি মুরগির বুকের মাংসের নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে ৬৯ ধরনের ভেটেরিনারি অ্যান্টিমাইক্রোবিয়ালের উপস্থিতি ইউরোপীয় ইউনিয়নের মানদণ্ড অনুযায়ী পরীক্ষা করা হয়।
ফলাফলে দেখা যায়, খুচরা বিক্রয়কেন্দ্র থেকে সংগ্রহ করা নমুনার ৩ দশমিক ৭ থেকে ৮ দশমিক ৬ শতাংশে আন্তর্জাতিক নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল অবশিষ্টাংশ পাওয়া গেছে। তুলনামূলকভাবে, ২০২১-২২ সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এ হার ছিল মাত্র শূন্য দশমিক ০৫ থেকে শূন্য দশমিক ০৯ শতাংশ।
গবেষকদের ধারণা, কিছু ক্ষেত্রে জবাইয়ের ঠিক আগে প্রাণীর শরীরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করায় মাংসে এ ধরনের অবশিষ্টাংশ থেকে যাচ্ছে।
গবেষণার প্রধান অধ্যাপক লুডোভিক পেলিগ্যান্ড বলেন, এশিয়ায় একই মানদণ্ডে অ্যান্টিমাইক্রোবিয়াল অবশিষ্টাংশ মূল্যায়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ গবেষণা। এর মাধ্যমে খাদ্য নিরাপত্তা এবং প্রাণিসম্পদে অ্যান্টিবায়োটিকের দায়িত্বশীল ব্যবহারে সচেতনতা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
‘ওয়ান হেলথ পোল্ট্রি হাব’-এর মাধ্যমে গবেষণাটিতে অর্থায়ন করেছে ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশন (ইউকেআরআই) গ্লোবাল চ্যালেঞ্জেস রিসার্চ ফান্ড।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার