
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে পলাতক নেতাকর্মীদের উজ্জীবিত করার কৌশল হিসেবে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে।
সোমবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ ইসলাম বলেন, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি। তিনি দেশে ফিরে আত্মসমর্পণ করলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে এবং তাকে কারাগারে যেতে হবে। এ ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতেই চলবে।
তিনি আরও বলেন, একজন আসামি দেশের বাইরে থাকলেও কিংবা দেশে ফিরে আত্মসমর্পণ করলেও আইনি প্রক্রিয়ায় কোনো পরিবর্তন হয় না।
প্রতিমন্ত্রী দাবি করেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত পলাতক নেতাকর্মীদের উজ্জীবিত করার একটি রাজনৈতিক কৌশল।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে চলতি বছরের ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানান শেখ হাসিনা।
প্রতিবেদকের নাম 




















