নির্বাচনের আগে যেভাবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন, দেশ গঠনের ক্ষেত্রেও একইভাবে সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নির্বাচনের আগে আলেম-ওলামাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।
সভায় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে তিনি হুজুরকে এখানে আসার কথা দিয়েছিলেন। আল্লাহর রহমতে সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি পূরণ করে তার কাছে আসতে পেরেছেন বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, গত নির্বাচনের সময় আলেম-ওলামাদের সহযোগিতায় দেশকে একটি সংকট থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে দেশের সমস্যা এখনো পুরোপুরি শেষ হয়নি।
বিগত সরকারের সময়ে দেশের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। এর ফলে বর্তমানে দেশের মানুষকে বিভিন্ন সমস্যার খেসারত দিতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
গ্যাস সংকট কমবে ৫-৭ দিনে
গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতীতে পরিকল্পনাহীনভাবে কাজ করার কারণে এখন দেশের মানুষকে তার খেসারত দিতে হচ্ছে। বর্তমানে চলমান গ্যাস সংকট আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে দেশের মানুষ ও তাদের সন্তানরা খেয়ে-পরে শান্তিতে বসবাস করতে পারবেন। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন এবং শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করবেন।
তিনি আরও বলেন, দেশে স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা গেলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হবেন। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
সম্প্রতি বিভিন্ন মহল থেকে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, নির্বাচনের পর দেশ গঠনের কাজেও একইভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দেশের মানুষের চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি হাসপাতাল, স্কুল-কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, সেতু ও কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়নের ওপর গুরুত্ব দেন তিনি।
আলেম-ওলামাদের সরকারের সহযোগী হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, তারা সরাসরি সরকারের অংশ না হলেও দেশ পরিচালনায় সহযোগী হিসেবে ভূমিকা রাখছেন। দেশের মানুষকে সঠিক পথে পরিচালনা এবং দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব শুধু সরকারের একার নয় বলেও মন্তব্য করেন তিনি।
বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রীর আগমন
এর আগে কক্সবাজার ও চট্টগ্রাম সফরের অংশ হিসেবে রোববার বিকেল ৩টা ২০ মিনিটে হেলিকপ্টারে করে বাঁশখালী থেকে ফটিকছড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে হেলিকপ্টার অবতরণের পর সেখানে অপেক্ষমাণ স্থানীয়রা তাকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
প্রতিবেদকের নাম 




















