
রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া, মোবাইলে ভিডিও ধারণ এবং শিঙাড়া বিতরণের অভিযোগে তিন ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে ধানমন্ডি থানা-পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে সড়কের প্রবেশমুখে এসব ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মারধরের শিকার ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বরাতে জানা যায়, দুপুর পৌনে ১২টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরের প্রবেশমুখে এক রিকশাচালক মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। এ সময় আ ন ম আয়াস নামের এক ব্যক্তি তার কাছে গিয়ে মোবাইল ফোনটি পরীক্ষা করেন। ওই ভিডিও যুবলীগের এক ব্যক্তিকে পাঠানো হয়েছে—এমন অভিযোগ তুলে তার সঙ্গে থাকা কয়েকজন রিকশাচালককে মারধর করেন।
পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই রিকশাচালককে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।
এ সময় সেখানে থাকা আরেক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে তিনি দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এর কিছুক্ষণ পর বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিঙাড়া বিতরণ করা হচ্ছে—এমন অভিযোগে আরও একজনকে মারধর করা হয়। ওই ব্যক্তির হাতে একটি ব্যাগ ছিল এবং ব্যাগের ভেতরে শিঙাড়া পাওয়া যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মারধরের একপর্যায়ে তিনিও সেখান থেকে পালিয়ে যান।
এর আগে শনিবার সকাল সোয়া ১০টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে আসা অর্ণব দাস নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইলে। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আ ন ম আয়াস সাংবাদিকদের বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা যাতে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে জন্য তারা সেখানে অবস্থান করছেন। কাউকে সন্দেহ হলে পুলিশের কাছে তুলে দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
মব সৃষ্টি করে কাউকে মারধর করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে আয়াস বলেন, তিনি মব সৃষ্টি করছেন না; আওয়ামী লীগ ও যুবলীগের কাউকে পেলে ধরে পুলিশের কাছে সোপর্দ করছেন। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
আ ন ম আয়াস নিজেকে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ (এসডিএফ)-এর সদস্যসচিব হিসেবে পরিচয় দেন। তার সঙ্গে থাকা ব্যক্তিরা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ বলেও পরিচয় দিয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেন জানান, ধানমন্ডি-৩২ এলাকায় পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ কাজ করছে।
এদিকে ১৫ আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি-৩২ এলাকায় সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার