
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ধানের চারা রোপণের সময় জমিতে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুস্তাকিম নেত্রকোনা জেলার বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে। জীবিকার তাগিদে তিনি ফটিকছড়িতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মুস্তাকিমসহ তিনজন শ্রমিক সন্ন্যাসীরহাট-সংলগ্ন একটি কৃষিজমিতে ধানের চারা রোপণ করছিলেন। এর আগে বিদ্যুতের একটি তার ছিঁড়ে জমির পানিতে পড়ে থাকলেও বিষয়টি তাদের নজরে আসেনি। কাজ করার একপর্যায়ে বিদ্যুৎবাহী পানির সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মুস্তাকিমের মৃত্যু হয়। তবে তার সঙ্গে থাকা অপর দুই শ্রমিক অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আজম জানান, জমিতে ছেঁড়া বিদ্যুতের তার পড়ে ছিল। শ্রমিকরা সেটি বুঝতে না পেরে কাজ শুরু করায় দুর্ঘটনাটি ঘটে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
প্রতিবেদকের নাম 





















