
বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম সচিব সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)। বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় ২১০ দিন পর প্রথমবারের মতো সচিবদের নিয়ে এ গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে।
সচিব সভার আলোচ্যসূচিতে সরকারের কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন আনুষ্ঠানিক বিষয় রাখা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মকাণ্ড আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করার বিষয়েও আলোচনা হবে।
জনগণের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন গুরুত্বপূর্ণ অনানুষ্ঠানিক বিষয় নিয়ে সিনিয়র সচিব ও সচিবদের পক্ষ থেকে পাঠানো প্রস্তাবও সভায় পর্যালোচনা করা হবে।
আজকের সভায় বিশেষ গুরুত্ব পাবে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬–২০৩০)। এর পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক ও সরকারি কার্যক্রমসংক্রান্ত বিষয় এবং বিবিধ বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
সভাকে সামনে রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
সচিব সভা সরকারের প্রশাসনিক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ সমন্বয় সভা। এ সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা সরকারের নীতিগত সিদ্ধান্ত, উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক অগ্রাধিকার এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয় নিয়ে আলোচনা করেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেয়। এরপর সরকারের প্রশাসনিক কর্মকাণ্ডের সমন্বয়ে আজই প্রথমবারের মতো সচিব সভা অনুষ্ঠিত হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার