
নবম জাতীয় পে স্কেল-২০২৬-এর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে নতুন বেতন কাঠামোর খসড়া বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী রোববার (৬ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার।
অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবারই পে স্কেলের খসড়া বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর খসড়াটি অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসবে। এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে এসআরও নম্বর দেওয়া হবে। সবশেষে প্রজ্ঞাপন আকারে তা প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সরকারি নির্ধারিত প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতেই প্রজ্ঞাপন প্রকাশে কিছুটা সময় লাগছে।
অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, আগামী রোববার (৬ সেপ্টেম্বর) নবম জাতীয় পে স্কেল-২০২৬-এর প্রজ্ঞাপন জারি করা হবে।
এর আগে গত সোমবার মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়। পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান নিয়েও সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে।
এর আগে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি জানিয়েছিলেন, গত বৃহস্পতিবারের মধ্যে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। তবে প্রজ্ঞাপন জারির আগে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ধাপ সম্পন্ন করতে সময় লাগায় তা নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে যায়।
গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়। তখন মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি জানিয়েছিলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয় অর্থ মধ্যমেয়াদি বাজেট পরিকল্পনায় (এমটিবিএফ) বিবেচনায় রাখা হয়েছে।
তিনি বলেন, সরকার শুধু এক বছরের বাজেটের হিসাব করে না; বরং কয়েক বছরের সম্ভাব্য আয়-ব্যয়ের একটি আগাম পরিকল্পনাও করা হয়। নতুন পে স্কেলের সম্ভাব্য ব্যয়ও সেই দীর্ঘমেয়াদি বাজেট পরিকল্পনার অংশ হিসেবে রাখা হয়েছিল। ফলে এর ব্যয় সরকারের জন্য আকস্মিক কোনো চাপ তৈরি করবে না।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারিতে বিলম্বের মূল কারণ প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া। বিজি প্রেসে খসড়া পাঠানো, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন, আইন মন্ত্রণালয়ের ভেটিং এবং এসআরও নম্বর দেওয়ার পরই আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন প্রকাশ করা সম্ভব হবে।
অর্থসচিব জানিয়েছেন, এসব ধাপ শেষ করে আগামী রোববার প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপন প্রকাশের পরই নতুন বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
নতুন বেতন কাঠামো অনুযায়ী ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১৪২ শতাংশ বাড়িয়ে ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতন ১০০ শতাংশ বেড়ে দাঁড়াবে ১ লাখ ৫৬ হাজার টাকা।
নতুন পে স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হলেও বর্ধিত মূল বেতন একবারে দেওয়া হবে না। ২০২৬-২৭ অর্থবছরে তিন ধাপে বর্ধিত মূল বেতন বাস্তবায়ন করবে সরকার।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার