ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল।
মোনায়েম মুন্না বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসতে চান। তার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১১ দলের দাবি মেনে নিলে ককটেল বিস্ফোরণ বন্ধ হয়ে যাবে—এমন কথা বলা হয়েছে। তাহলে ককটেল কারা বিস্ফোরণ ঘটাচ্ছে, সেই প্রশ্ন তুলে তিনি এসব ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনের আওতায় আনার দাবি জানান।
জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের প্রসঙ্গে যুবদল সভাপতি বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ও মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় দেশবাসী অবগত। তার ভাষ্য অনুযায়ী, ১৯ বছর বয়সী ওই তরুণী সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও নানা মন্তব্যের শিকার হয়েছিলেন। তিনি প্রশ্ন তোলেন, মরিয়ম আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে—এটি তদন্তের মাধ্যমে বেরিয়ে আসা উচিত।
মোনায়েম মুন্না আরও বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর একজন জনপ্রতিনিধির দায়িত্ব এলাকার ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে মরিয়মের ওপর অত্যাচার-নির্যাতনের অভিযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গাজী নজরুল ইসলাম রিমান্ডে থাকায় সরকারকে ধন্যবাদ জানিয়ে যুবদল সভাপতি বলেন, মামলা হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে।
মোনায়েম মুন্না আরও অভিযোগ করেন, জামায়াতের আরেক নেতার বিরুদ্ধে মাদ্রাসার এক ছাত্রকে ঘিরে অন্যায় আচরণের অভিযোগ উঠেছে। এসব ঘটনাকে তিনি দলটির রাজনীতির উদাহরণ হিসেবে উল্লেখ করে সমালোচনা করেন।
এ ছাড়া আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের অতীতে আঁতাতের অভিযোগ তুলে ভবিষ্যতেও গোপনে এমন সম্পর্ক থাকার দাবি করেন তিনি।
যুবদল সভাপতি বলেন, পরিকল্পিত ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, যুবদল রাজপথে রয়েছে এবং এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সংগঠনটি প্রস্তুত।
রাজশাহী রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীর ওপর নির্যাতনের ঘটনারও নিন্দা ও প্রতিবাদ জানান মোনায়েম মুন্না। একই সঙ্গে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় সালাউদ্দিন আম্মারকে গ্রেফতারের দাবি জানান তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, নুরুল ইসলাম সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবেদকের নাম 




















