
বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মি. জোরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) মি. জাওয়াদ আজাউই এবং সিনিয়র পলিটিক্যাল অ্যাডভাইজার মি. লুবাইন চৌধুরী মাসুম উপস্থিত ছিলেন।
বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা।
বিরোধীদলীয় নেতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নেদারল্যান্ডসের সহযোগিতার প্রশংসা করেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নেদারল্যান্ডস সরকারের বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।
বৈঠকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত সংসদে বিরোধী দলের গঠনমূলক ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।
বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগের পরিবেশ আরও শক্তিশালী করতে রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে সরকার ও বিরোধী দলের মধ্যে নিয়মিত সংলাপ ও আলোচনা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
দুই পক্ষই ভবিষ্যতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠক শেষে বিরোধীদলীয় নেতা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে তার সরকারি বাসভবনে জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি ঘুরে দেখান।
এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার