
নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৯১ জনে। এখনো নিখোঁজ রয়েছেন তিন হাজারের বেশি মানুষ। দুর্গম বিভিন্ন এলাকায় প্রতিকূল আবহাওয়ার মধ্যেই চলছে উদ্ধার ও তল্লাশি অভিযান। উদ্ধারকারীদের আশঙ্কা, নিখোঁজদের সন্ধান মিললে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
রোববার (৩০ আগস্ট) সকাল পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, নেপালেই হিমবাহ ধস ও বন্যায় ৬৭৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের বেশিরভাগের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ সৎকারের আগে ডিএনএ নমুনা সংরক্ষণের ঘোষণা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
দুর্যোগের মধ্যেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভোতে-কোশি নদীর পানি বাড়তে থাকায়। বন্যার আশঙ্কায় নদীর আশপাশের বাসিন্দাদের সতর্ক করেছে নেপালের জাতীয় দুর্যোগ সংস্থা।
দুর্গত এলাকাগুলোতে এখনো উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতির কারণে উদ্ধারকাজে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারী দলগুলোকে।
এখন পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ২৫০ জন বিদেশি পর্যটক রয়েছেন।
এদিকে জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেলে আটকা পড়া বিপুলসংখ্যক মানুষকে উদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে নেপাল সরকার।
অন্যদিকে, তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। সেখানে এখনো সাড়ে পাঁচ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।
গত কয়েক দিনের ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপাল-তিব্বত সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাহাড় থেকে নেমে আসা কাদা, পাথর ও ধ্বংসাবশেষের স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা ও যোগাযোগ অবকাঠামো।
দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার