
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অভিযান চালিয়ে ৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ সাত সদস্যের একটি চক্রকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আটোয়ারীর ফকিরগঞ্জ বাজার এলাকায় জাল টাকাসহ কিশোরগঞ্জের বাসিন্দা চঞ্চল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও শহরের প্রাইম হোটেল ও নিউ হোটেল সালাম এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে আরও ছয়জনকে আটক করা হয়।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকার জাল নোট এবং ১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা আসল টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— আরিফ হোসেন (৪০), এমরান শেখ (৪৮), শেখ নাছিম (২৮), সোহেল খান (২৮), রুহুল আমিন (৫২), ইসমাইল হোসেন (৩২) এবং চঞ্চল মিয়া (৩২)।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, নবাগত পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত কয়েক ঘণ্টাব্যাপী অভিযানে জাল টাকা প্রস্তুত ও সরবরাহকারী একটি সংঘবদ্ধ চক্রকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র : আটোয়ারী থানা পুলিশ
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার