দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ২৯ জন সহকারী শিক্ষক দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়ার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টার কাছে একটি খোলাচিঠি দিয়েছেন। চাকরিজীবনের শেষ পর্যায়ে এসেও ‘সহকারী শিক্ষক’ পদে বহাল থাকায় তারা চরম পেশাগত হতাশা ও মানসিক কষ্টের কথা তুলে ধরেছেন।
চিঠিতে শিক্ষকরা উল্লেখ করেন, তারা সবাই সরকারি বিধি-বিধান অনুসরণ করে চাকরিতে যোগদান করেছেন। বর্তমানে অনেকেই অবসরে গেছেন, আবার কেউ কেউ অবসরের দ্বারপ্রান্তে। দীর্ঘ কর্মজীবন পার করেও এখন পর্যন্ত পদোন্নতি না পাওয়ায় তারা বঞ্চনার শিকার বলে দাবি করেছেন।
তাদের ভাষ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে এর আগে শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চেয়েছিল। পিএসসি তাদের ‘সিনিয়র শিক্ষক’ পদে পদোন্নতির পক্ষে ইতিবাচক সুপারিশ দেয়। সেই সুপারিশের ভিত্তিতে চলতি বছরের মার্চ মাসে শিক্ষা মন্ত্রণালয় একটি সারসংক্ষেপও প্রস্তুত করলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।
শিক্ষকদের দাবি, পদোন্নতি বাস্তবায়নে সরকারের অতিরিক্ত আর্থিক ব্যয় খুব বেশি হবে না। কারণ দীর্ঘ চাকরিজীবনের জ্যেষ্ঠতার ভিত্তিতে তাদের অনেকেই ইতোমধ্যে সিনিয়র শিক্ষকের সমপর্যায়ের বেতন-ভাতা পাচ্ছেন। ফলে এটি মূলত প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়।
চিঠিতে আরও বলা হয়, চাকরিজীবনের শেষ সময়ে জুনিয়রদের অধীনে কাজ করা এবং এখনও ‘সহকারী শিক্ষক’ পরিচয়ে দায়িত্ব পালন করা তাদের জন্য অত্যন্ত বিব্রতকর ও মানসিকভাবে কষ্টদায়ক।
তারা শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপদেষ্টার প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দ্রুত প্রয়োজনীয় আদেশ জারির মাধ্যমে তাদের দীর্ঘদিনের পেশাগত বঞ্চনার অবসান ঘটানোর দাবি জানিয়েছেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার