এইচএসসি পরীক্ষা, বিশেষ করে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা শিক্ষার্থীদের দাবির পরও কেন এক বা দুই দিন পিছিয়ে দেওয়া হয়নি—এ প্রশ্ন জাতীয় সংসদে তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
মঙ্গলবার (১৪ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের দৃষ্টি আকর্ষণ করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
রুমিন ফারহানা বলেন, শিক্ষার্থীরা পরীক্ষা কিছুটা পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল। কিন্তু সেই দাবি বিবেচনা করা হয়নি। তিনি প্রশ্ন রাখেন, এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে পদার্থবিজ্ঞানের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা অন্তত এক বা দুই দিন পিছিয়ে দেওয়ায় কী সমস্যা ছিল।
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং স্থানীয় প্রশাসনের মতামতের ভিত্তিতেই নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তিনি জানান, সারা দেশে প্রায় ২ হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বন্যা পরিস্থিতির কারণে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িসহ পুরো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা আগেই স্থগিত করা হয়েছিল।
মন্ত্রী আরও বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার সার্বক্ষণিক নজরদারিতে ছিল। ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি), আট বিভাগের বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হয়। সংশ্লিষ্টদের কাছ থেকে পরিস্থিতি অনুকূলে থাকার তথ্য পাওয়ার পর বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করে নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।
শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষার দিন সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে মাঠে পানি জমে যাওয়ায় তাৎক্ষণিকভাবে মেয়র, ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের সহযোগিতায় পরীক্ষার্থীদের নৌকায় করে কেন্দ্রের ভবনে পৌঁছে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়।
তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
প্রতিবেদকের নাম 





















