
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে টানা পাঁচ দিন ধরে আন্তর্জাতিক শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী। ভারত ও বাংলাদেশ—কোনো দেশই তাঁকে নিজেদের ভূখণ্ডে নিতে রাজি না হওয়ায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পাহারার মাঝখানে আটকে আছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর পর্যন্ত সীমান্তের ১০৭৬ নম্বর পিলার সংলগ্ন এলাকায় ওই নারীকে অবস্থান করতে দেখা গেছে।
স্থানীয়দের ভাষ্য, কখনো বাংলাদেশের দিকে, আবার কখনো ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছেন ওই নারী। কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না। তীব্র রোদ ও রাতের কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচেই কাটছে তাঁর সময়।
সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানান, গত ১০ নভেম্বর মঙ্গলবার সকালে পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে বাধা দেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজের নাম, ঠিকানা কিংবা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলছিলেন বলেও জানান স্থানীয়রা।
পরে তাঁকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়। এরপর থেকেই সীমান্তের মাঝখানে অবস্থান করছেন ওই নারী।
পাথরের চর এলাকার বাসিন্দা মনির হোসেন বলেন, ওই নারী চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। টানা পাঁচ দিন ধরে তাঁকে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে। দিনের তীব্র রোদ যেমন সহ্য করতে হচ্ছে, তেমনি রাতও কাটছে আশ্রয়হীন অবস্থায়।
তিনি জানান, গ্রামবাসী নিজেদের সামর্থ্য অনুযায়ী মাঝেমধ্যে ওই নারীকে বিস্কুট, পানি ও শুকনা খাবার দিচ্ছেন। তবে একজন মানুষের বিশ্রাম ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য ন্যূনতম সুযোগ-সুবিধা প্রয়োজন। এভাবে দিনের পর দিন খোলা আকাশের নিচে থাকা সম্ভব নয়। বিষয়টির দ্রুত মানবিক সমাধান হওয়া প্রয়োজন।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বিএসএফ ওই নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। তবে এখন তারা বিষয়টি স্বীকার করছে না। এ নিয়ে বিএসএফের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। তাদের বক্তব্য, ওই নারী তাদের দেশের নাগরিক নন।
তিনি আরও বলেন, অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের যেকোনো চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার