মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গত পাঁচ বছরের মধ্যে এবার সবচেয়ে কম পাসের হার দেখা গেছে। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ২০২২ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। ২০২৩ সালে তা কমে দাঁড়ায় ৮০ দশমিক ৩৯ শতাংশে। ২০২৪ সালে পাসের হার কিছুটা বেড়ে হয় ৮৩ দশমিক ০৪ শতাংশ। তবে ২০২৫ সালে তা উল্লেখযোগ্যভাবে কমে ৬৮ দশমিক ৪৫ শতাংশে নেমে আসে।
চলতি বছর আরও কমে পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।
জিপিএ-৫ পাওয়ার সংখ্যাতেও পতন
পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও এবার গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। সামগ্রিক ফলাফলে পাসের হার ও সর্বোচ্চ গ্রেড—দুই ক্ষেত্রেই এবার নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
প্রতিবেদকের নাম 



















