
প্রতিবেশী দেশের চেয়ে পাকিস্তানের অন্য প্রদেশগুলোর কারণেই পাঞ্জাব প্রদেশ বেশি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ।
তিনি বলেছেন, ত্রি-সীমান্ত এলাকা (পাঞ্জাব, সিন্ধু ও বেলুচিস্তানের সীমানার মিলনস্থল) এবং অন্য প্রদেশগুলোর সীমান্তবর্তী অঞ্চল থেকে মূলত এসব হুমকি আসছে।
সেগুলো মোকাবেলায় যৌথ তল্লাশি চৌকিগুলো আরো শক্তিশালী করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার লাহোরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিবিষয়ক এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম।
আইন-শৃঙ্খলা প্রশ্নে ‘কোনো ধরনের আপস করা হবে না’ বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ নির্মূলে সম্ভাব্য সব ধরনের উপায় ও সম্পদ কাজে লাগানো হচ্ছে।
পাঞ্জাবের সঙ্গে পাকিস্তানের অন্য তিনটি মূল প্রদেশের সিন্ধু, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার সীমান্ত রয়েছে।
মরিয়ম নওয়াজ বোঝাতে চেয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের মত প্রতিবেশী দেশের চেয়ে নিজ দেশের অভ্যন্তরে অন্য প্রদেশগুলো থেকে আসা সন্ত্রাসী ও সশস্ত্র গ্যাংগুলোই পাঞ্জাবের দৈনন্দিন আইন-শৃঙ্খলার জন্য বেশি বিপজ্জনক হয়ে উঠেছে।
পাঞ্জাবের দক্ষিণে সিন্ধু প্রদেশের অবস্থান। এই দুই প্রদেশের মাঝে সিন্ধু নদের অববাহিকায় থাকা চর ও জঙ্গল ঘেরা দুর্গম অঞ্চলটি ‘কাচ্চা’ এলাকা নামে পরিচিত। যুগের পর যুগ ধরে ওই এলাকা ভারী অস্ত্রে সজ্জিত বিভিন্ন অপরাধী ও ডাকাতদলের নিরাপদ আস্তানা।
Arif 



















