
পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলি হত্যা মামলার প্রধান অভিযুক্তের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর কয়েকশ মানুষ একত্র হয়ে দোগাছি ইউনিয়নে মামলার প্রধান আসামি মোস্তফা কামালের বাড়িতে হামলা চালায়। কয়েক ঘণ্টা ধরে চলা ভাঙচুরে বাড়িটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়দের বরাতে জানা যায়, বিক্ষুব্ধ জনতা বাড়ির সীমানাপ্রাচীর, দরজা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রীতে ভাঙচুর চালানো হয়। কিছু সামগ্রী সরিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।
এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়িটিতে পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভের মুখে একপর্যায়ে পুলিশ সেখান থেকে সরে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড ডিফেন্ডার’-এর পাবনা জেলা শাখার সদস্য সচিব আব্দুর রব মন্টু বলেন, বিচারহীনতার আশঙ্কা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থার সংকট থেকে অনেক সময় মানুষ আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে। তবে কোনো অবস্থাতেই এ ধরনের কর্মকাণ্ড সমর্থনযোগ্য নয়। তিনি এ প্রবণতা রোধে প্রশাসনের আরও কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, বাড়িটিতে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়েছিল। সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কায় বাড়ির গুরুত্বপূর্ণ কিছু মালামাল আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় কেনাকাটার জন্য বের হওয়ার পর নিখোঁজ হয় শিশু কামরুন্নাহার কলি। সাত দিন পর ১৬ সেপ্টেম্বর সকালে স্থানীয় একটি পরিত্যক্ত ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তদন্তে পুলিশ মোস্তফা কামাল ও তার ভাড়াটিয়া ইয়াছিন আলীকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, শিশুটিকে একটি কক্ষে নিয়ে যাওয়ার পর তার ওপর যৌন সহিংসতা চালানো হয় এবং পরে তাকে হত্যা করা হয়। মরদেহটি গোপন করার চেষ্টা করা হয়েছিল বলেও জানায় পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের মুঠোফোন থেকে পাওয়া ডিজিটাল তথ্য-প্রমাণ তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের বিরুদ্ধে দ্রুত অভিযোগপত্র দাখিলের আইনি প্রক্রিয়া চলছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার