
মাদারীপুরের রাজৈরে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে মারামারির ঘটনায় স্ত্রীর লাঠির আঘাতে তারা মিয়া শেখ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী খাদিজা বেগমকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর নাগরদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া শেখ ওই গ্রামের আয়নাল শেখের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বুধবার দুপুরে তারা মিয়া শেখ ও তার স্ত্রী খাদিজা বেগমের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এ সময় খাদিজা বেগম লাঠি দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন তারা মিয়া।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা মিয়া শেখকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী খাদিজা বেগমকে আটক করা হয়েছে। তবে তিনিও আহত হওয়ায় তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘিরে উত্তর নাগরদি গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
২৬ নভেম্বর ২০২৬
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার